অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
মুসকাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১২ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
পুলিশ ও জরুরি সেবা কর্মীরা সেখানে পৌঁছে বাড়ির ভেতরে গুলিবিদ্ধ চারজনকে দেখতে পান। তাদের সবাইকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পরে তদন্তে সন্দেহভাজন হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করা হয়। তিনি ঘটনার পর ওই বাসা থেকে পালিয়ে যান।
কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটি ফুটব্রিজের কাছে খুঁজে পায়। সেখানে তিনি আত্মঘাতী গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তের অগ্রগতির সময় পুলিশ আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। একজনের মরদেহ মিল স্ট্রিটের আরেকটি বাসা থেকে এবং অন্যজনের গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পাওয়া যায়।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা সবাই সন্দেহভাজনের পরিবারের সদস্য ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজনের পূর্বে অপরাধমূলক রেকর্ড থাকতে পারে, তবে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি।
