Home বাংলাদেশ দ্রুত বিচারের আশ্বাস সরকারের

দ্রুত বিচারের আশ্বাস সরকারের

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনার তিন দিন পরও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও বিচার দাবির কর্মসূচি চলছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে দ্রুত তদন্ত ও বিচার শেষ করার আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের প্রশ্নÑ এ ধরনের নির্মম ঘটনা কেন বারবার ঘটছে। আইনমন্ত্রী সাত দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে পুলিশকে গতকাল নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। এ ছাড়া দ্রুত বিচারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম

থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যম, রাজপথ ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। মামলায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও সহযোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

দ্রুত বিচারের উদ্যোগের কথা জানালেন অ্যাটর্নি জেনারেল : গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা গেলে মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়বে। তিনি জানান, রামিসার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতে পুলিশপ্রধান এবং আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণত ময়নাতদন্ত প্রতিবেদন পেতে বিলম্ব হওয়ায় বিচারপ্রক্রিয়া দীর্ঘ হয়। তবে এ মামলায় আসামিরা গ্রেপ্তার হয়েছে, স্বীকারোক্তিও দিয়েছে। সাক্ষীরাও স্থানীয় হওয়ায় তদন্ত দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। এ মামলায় সাক্ষী পাওয়া সহজ হবে দাবি করে তিনি বলেন, ঘটনাস্থল তো একেবারে একটা ফ্ল্যাটের মধ্যে আর সাক্ষীরাও ওই এলাকারই। সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে দ্রুত তদন্ত সম্পন্ন করা। তিনি বলেন, আইজিপি সাহেব জানিয়েছেন, প্রয়োজনে তদন্ত কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও কথা বলবেন। রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত বিচার হলে আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে রক্ষা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।

সংক্ষিপ্ত সময়ে চার্জশিট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী : একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে রামিসার মামলার চার্জশিট দাখিল করা হবে। বিচারিক প্রক্রিয়াও দ্রুত শেষ হবে। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে।

বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, সবই চেষ্টা করছি।

অনেক কিছুই করার বাকি রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের সময় মাত্র তিন মাস। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। আইন সংস্কার চলমান প্রক্রিয়া। কিছু কিছু সংশোধন আনতে হবে। খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অবিচার করা হচ্ছে কিনা, তাও দেখতে হবে।

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন : এর আগে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- সবকিছুই আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেব না। পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়াকে অতি দ্রুত করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দিতে পারব। রায় কার্যকর করা সুপ্রিমকোর্টের হাতে। বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না।

দ্রুত বিচারের বিষয়ে নজির টেনে আসাদুজ্জামান বলেন, এর আগে মাগুরার আছিয়া হত্যা মামলায় আমরা রেকর্ড ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম এবং মাত্র ১ মাসের মধ্যে ট্রায়াল বা বিচারকাজ শেষ হয়েছিল। মামলার গুরুত্ব অনুধাবন করে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া উচিত। আমি আশা করি, রামিসার ঘটনার বিচারও আমরা একইভাবে দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারব।

এলাকায় ক্ষোভ : তবে মন্ত্রীদের এসব আশ্বাসের মধ্যেও রাজধানীর পল্লবী এলাকায় মানুষের ক্ষোভ কমেনি। গতকাল সন্ধ্যায় পল্লবীর কালশী রোড অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এর আগে সকালে রামিসার বাসার সামনে জড়ো হয়ে সহপাঠী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বুঝতে পারিনি চিৎকারটি ছিল রামিসার : রামিসার মা পারভীন গতকাল দেওয়া সাক্ষাৎকারে ঘটনার আগের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মেয়েকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। দাঁত ব্রাশ করতে পাশের রুমে যাওয়ার পর হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পারভীনের ভাষ্য, বড় বোন চাচার বাসায় যাওয়ার সময় রামিসাও তার পেছনে যেতে চেয়েছিল। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গে পাশের ফ্ল্যাটের স্বপ্না তাকে টেনে নিয়ে যায় বলে তিনি সন্দেহ করেন। কিছুক্ষণ পর একটি চিৎকারও শুনেছিলেন, কিন্তু বুঝতে পারেননি সেটি তার মেয়ের। তিনি বলেন, আমি বারবার দরজায় ধাক্কা দিয়েছি, কিন্তু কেউ খোলেনি। তখনও বুঝিনি আমার মেয়ের সঙ্গে এমন কিছু হচ্ছে।

পারভীন আরও বলেন, ‘ঘটনার পর সেখানে (উল্টো পাশের দরজা) একটা জুতা ছিল, আরেকটা ছিল না। এরপর দেখি ওর বড় বোন চাচার বাসা থেকে একাই আসছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনেছি। কিন্তু বুঝতে পারিনি, ওই চিৎকার রামিসার ছিল। ভাবছিলাম পাশের ফ্ল্যাটের অন্য কোনো বাচ্চার চিৎকার।’ সন্দেহ হওয়ার পরই দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ খোলেনি, ‘ওই পুরুষের সঙ্গে আমাদের তেমন পরিচয় কিংবা কথা হয়নি।’

পুলিশের কর্মকর্তাদের ভাষ্য : তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রামিসার মা যখন দরজায় কড়া নাড়ছিলেন, তখন ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। পুলিশের দাবি, সোহেল যাতে পালিয়ে যেতে পারে, সে জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করে দরজা খুলেছিলেন স্বপ্না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয়।

পুলিশ জানিয়েছে, সোহেল পেশায় রিকশা মেকানিক। তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও রয়েছে। ঘটনার পর স্ত্রীকে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জে একটি বিকাশ এজেন্টের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, রামিসার পরিবার প্রায় ১৭ বছর ধরে ওই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে সেখানে ভাড়ায় ওঠেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন ভাড়াটিয়াদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে এখনও বড় ধরনের উদাসীনতা রয়েছে।

চাঞ্চল্যকর তথ্য সোহেলের স্ত্রীর : ওদিকে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার স্ত্রী স্বপ্না। পুলিশের ভাষ্য অনুযায়ী, সোহেল একজন বিকৃত যৌনরুচিসম্পন্ন ব্যক্তি এবং সে বিভিন্ন সময় স্ত্রীকেও নির্যাতন করত। বিভিন্ন সময়ে স্ত্রীকেও বিকৃত যৌনকাজে বাধ্য করত বলে অভিযোগ স্ত্রী স্বপ্নার।

পুলিশ আরও জানায়, স্ত্রী স্বপ্না বলেছেন ঘটনার দিন তাকে একটি ঘরে বন্দি করে রাখে তার স্বামী সোহেল এবং শিশুটিকে বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে।

এদিকে মেয়ের হত্যার বিচারের দাবিতে আসামি সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাত আরেকজনের নাম দিয়ে থানায় মামলা করেছেন রামিসার বাবা।

গভীর উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর : রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনগুলো রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। এ ছাড়া সমাজে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে বলেছে।

মহিলা জামায়াতের বিক্ষোভ : রামিসার হত্যাকারীদের প্রকাশ্য ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগ। গতকাল সকালে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন-সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

RELATED ARTICLES

দ্রুতই রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন...

জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স লাগবে: র‌্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটা এডহক ভিত্তিতে র‍্যাব পরিচালিত হচ্ছে। এটা ঠিক নয়। তাই এখন র‍্যাবের...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত বিচারের আশ্বাস সরকারের

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনার তিন...

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

অনলাইন ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো...

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে...

যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি : রুবিও

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন।...

Recent Comments

Exit mobile version