বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। এবার সেই সম্পর্কেরই নতুন এক দিক সামনে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিহানাকে দেখা যায় একটি নজরকাড়া হীরার ব্রেসলেট পরিহিত অবস্থায়। ব্রেসলেটটি নিয়ে আলোচনা শুরু হলে গায়িকা জানান, এটি তিনি আম্বানি পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।
২০২৪ সালে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন রিহানা।
পরে ফ্রান্সে আয়োজিত বিলাসবহুল ক্রুজ উদ্যাপনেও অংশ নেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ভারত সফরের সূত্রে আম্বানি পরিবারের সঙ্গে তার যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়।
সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণার কাজে মুম্বাই সফরে গিয়ে আম্বানিদের আতিথ্য গ্রহণ করেন রিহানা। সেই সফরেই তিনি মূল্যবান উপহারটি পেয়েছেন বলে জানা গেছে।
এক নজরে ব্রেসলেটটি সাধারণ মনে হলেও গয়না বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত দামি ও বিরল একটি অলংকার। খ্যাতনামা গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েলের দাবি, হীরাখচিত ‘টেনিস ব্রেসলেট’টির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ রুপি।
রিহানার গয়নার প্রতি ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়ই বিরল ও ব্যয়বহুল গয়নায় দেখা যায়। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারেও তার হাতে ছিল একাধিক ভিন্টেজ হীরার ব্রেসলেট, একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি এবং আঙুলে ‘মম’ লেখা একটি বিশেষ আংটি।
পাশাপাশি গলায় শোভা পাচ্ছিল বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড মেরিনা বি-র একটি হীরার নেকলেস, যা তিনি ডেনিম পোশাকের সঙ্গে পরেছিলেন।
অন্যদিকে, নীতা আম্বানিও তার ব্যতিক্রমধর্মী ও দুষ্প্রাপ্য গয়নার সংগ্রহের জন্য পরিচিত। আম্বানি পরিবারের আয়োজনে আগত অতিথিদের মূল্যবান উপহার দেওয়ার রীতিও দীর্ঘদিনের। রিহানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বলেই মনে করছেন অনেকে।
