অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এর এক সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে সেট ত্যাগ করেছেন। ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগের পক্ষে প্রমাণ চাওয়া হলে অনুষ্ঠানটির সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ট্রাম্প সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে উঠে চলে যান।
গত শুক্রবার উইসকনসিনে একটি খামারে সাক্ষাৎকারটি ধারণ করা হয়। স্থানীয় সময় রোববার, ৭ জুন এটি সম্প্রচারিত হয়। সাক্ষাৎকার চলাকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কয়েক দফা শব্দগত সমস্যা দেখা দিলেও আলোচনা অব্যাহত ছিল। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি, পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে প্রশ্নোত্তর চলার একপর্যায়ে ক্যালিফোর্নিয়ার নির্বাচন প্রসঙ্গ সামনে আসে।
আলোচনার সময় ওয়েলকার উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ায় ভোট গণনার দীর্ঘ প্রক্রিয়া নতুন কিছু নয়। এর জবাবে ট্রাম্প দাবি করেন, সেখানে নির্বাচন ‘কারচুপির’ শিকার হয়েছে। তবে তিনি অভিযোগের সমর্থনে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। ওয়েলকার বারবার প্রমাণের কথা তুললে ট্রাম্প বলেন, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে এসব শুনেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এমন মন্তব্য করছেন।
বিতর্ক আরও তীব্র হলে ট্রাম্প এনবিসি এবং অন্যান্য মূলধারার সংবাদমাধ্যমকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। তিনি এবিসি, সিবিএস এবং সিএনএনেরও সমালোচনা করেন। ওয়েলকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আলোচনাকে অন্য বিষয়ে নেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা প্রশমিত হয়নি।
সাক্ষাৎকারের আরেক পর্যায়ে ট্রাম্প আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং সাম্প্রতিক ক্যালিফোর্নিয়ার নির্বাচনে অনিয়মের অভিযোগ পুনরাবৃত্তি করেন। যুক্তরাষ্ট্রের আদালত ও নির্বাচনী কর্মকর্তারা অতীতে ২০২০ সালের নির্বাচন নিয়ে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাননি এবং বিভিন্ন আদালত এসব দাবি খারিজ করে দিয়েছিল। ওয়েলকারও সাক্ষাৎকারে অভিযোগগুলোর পক্ষে প্রমাণ চেয়ে নিজের অবস্থানে অনড় থাকেন।
একপর্যায়ে ট্রাম্প ওয়েলকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি হয় পক্ষপাতদুষ্ট, নয়তো বোকা।’ এরপর তিনি বলেন, ‘দুঃখিত। আসুন এখানেই শেষ করি। আমার যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, প্রিয়। ভালো থাকবেন।’ এ সময় তিনি মাইক্রোফোন খুলে ফেলার ভঙ্গি করেন এবং আসন ছেড়ে উঠে দাঁড়ান। ওয়েলকার তাকে সাক্ষাৎকার চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও ট্রাম্প জানান, দীর্ঘ সময় ধরে তিনি কথা বলেছেন এবং তার মতে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে।
সাক্ষাৎকার শেষে ওয়াশিংটন স্টুডিও থেকে ক্রিস্টেন ওয়েলকার দর্শকদের জানান, আবহাওয়াজনিত সমস্যার বিষয়ে পরে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে আবারও সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সম্মতি জানিয়েছেন।
‘মিট দ্য প্রেস’ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক অনুষ্ঠান। ১৯৪৭ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসা এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে দেশটির রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রিস্টেন ওয়েলকার বর্তমানে এর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও গণমাধ্যম মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনী অনিয়মের অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের প্রশ্নে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া এবং সংবাদমাধ্যমের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
তথ্যসূত্র : এনবিসি নিউজ
