অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি কথা জানান।
বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যুও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
