অনলাইন ডেস্ক : পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান। এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো চাপের মুখেই আমরা মাথা নত করব না।’ খবর আল জাজিরার।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে বাধ্য করতে ‘সীমিত হামলা’ চালানো কথা জানান। এর মধ্যেই উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। দুইটি বিমানবাহী রণতরী ও শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
পেজেশকিয়ান বলেন, ‘বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে চায়, কিন্তু আমরা নত হব না।’ চলতি মাসে ওমানে পরোক্ষ আলোচনা শুরু করে তেহরান ও ওয়াশিংটন; পরে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠক হয়। যদিও উভয় পক্ষ আলোচনা ইতিবাচক বলেছে, তবু কোনো অগ্রগতি হয়নি।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব ‘দৃঢ় ও সমানুপাতিক’ হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অর্থবহ চুক্তি না হলে ‘খারাপ কিছু ঘটবে’ এবং ইরানের হাতে সময় আছে ‘১০ থেকে ১৫ দিন’। উত্তেজনা বাড়তে থাকায় সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে।
