অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর আলজাজিরার
সংস্থাটির প্রধান নির্বাহী স্কট কিরবি কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, তেলের দাম ব্যারেলপ্রতি ১৭৫ ডলারে পৌঁছাতে পারে—এমন পরিস্থিতিও তারা বিবেচনায় রাখছেন।
তিনি জানান, গত তিন সপ্তাহে জেট জ্বালানির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। বর্তমান এই উচ্চমূল্য অব্যাহত থাকলে বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হতে পারে কোম্পানিটির।
ইতোমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ শুরুর আগে প্রায় ৭০ ডলার থেকে বেড়ে এ সপ্তাহে ১১৯ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠেছে।
কিরবি বলেন, এটি হয়তো সবচেয়ে খারাপ পরিস্থিতি নাও হতে পারে, কিন্তু আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। কারণ, এ ধরনের ঝুঁকির জন্য আগে থেকেই প্রস্তুত থাকাই যুক্তিযুক্ত।
তিনি আরও ইঙ্গিত দেন, তেলের দাম দ্রুত কমে ১০০ ডলারের নিচে নামার সম্ভাবনা কম, অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত বাজার চাপে থাকতে পারে।

