স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন। সোমবারের এই ভয়াবহ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার।
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কাবুলজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তালেবান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা শহরের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে বলেন, কাবুলে বেসামরিক মানুষের হতাহতের খবরে তিনি ভীষণ মর্মাহত। তিনি আরও বলেন, বেসামরিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে হামলা—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—তা যুদ্ধাপরাধের শামিল।
তিনি বলেন, ‘রমজানের পবিত্র মাসে মানবজীবনের প্রতি এমন অবহেলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কেবল বিভাজন ও ঘৃণাই বাড়াবে।’ তিনি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন, ‘কাবুলে একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তরুণদের ওপর হামলা চালানো হয়েছে। মায়েরা হাসপাতালের ফটকে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন থেমে গেল।’
আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইব্রাহিম জাদরানও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘কাবুলে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পরে একটি হাসপাতাল থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। অনেক মানুষ নিহত বা আহত হয়েছেন। আজ কাবুল শোকাহত, আমরা ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছি।’
এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

