অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেসের তদারকি কমিটির সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রভাব ও অপরাধচক্র নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাদের জবানবন্দি নেয়া হবে।
নিউইয়র্কের চ্যাপাকুয়ায় তাদের বাসভবনের কাছেই এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। হিলারি ক্লিনটন ২৬ ফেব্রুয়ারি এবং বিল ক্লিনটন ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য দেবেন। শুনানি হবে শপথের অধীনে এবং রুদ্ধদ্ধার কক্ষে; সব বক্তব্য লিপিবদ্ধ ও ধারণ করা হবে। খবর আল জাজিরার।
তদন্ত কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানিয়েছেন, ক্লিনটন দম্পতির বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ নেই, তবে এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রয়োজন। শুরুতে তারা সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করলেও পরে সম্মত হন। তারা চেয়েছিলেন শুনানি প্রকাশ্যে হোক, যাতে রাজনৈতিক বিতর্ক কমে।
তদন্তে মূলত খতিয়ে দেখা হচ্ছে-এপস্টেইন ও তার সহযোগীদের কর্মকাণ্ড, সরকারি তদন্তে কোনো গাফিলতি ছিল কি না, এবং ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তাদের সম্পর্কের প্রকৃতি।
বিল ক্লিনটন স্বীকার করেছেন, ২০০০ সালের শুরুর দিকে তিনি এপস্টেইনকে চিনতেন এবং তার বিমানে একাধিকবার ভ্রমণ করেছিলেন। তবে তিনি দাবি করেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। হিলারি ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

