অনলাইন ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির নেতৃত্বের প্রশংসা করে চীন ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিবৃতিতে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানাচ্ছে চীন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে দুই দশকের দীর্ঘ বিরতি কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিশাল জয় অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী দলটি অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে।

