বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী শহীদ মিনারে টরন্টোর প্রবাসী বাংলাদেশীরা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসা জানান।

উল্লেখ্য, বাংলা’কে মাতৃভাষার স্বীকৃতি দেয়ার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সম্মান জানাতে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার মধ্য দিয়ে জাতিসংঘ বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষা ও সম্মান জানানোর প্রতিশ্রুতি দেয়।


প্রবাসী বাংলাদেশী ছাড়াও শহীদ মিনারের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্টারিও এনডিপি লিডার এবং প্রাদেশিক সংসদের বিরোধী দলীয় নেতা মেরিট স্টাইলস, বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাও, এমপিপি মেরী মার্গারেট, বিচেস-ইস্ট ইয়র্ক এর সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, স্ক্যারবরো সাউথওয়েস্ট এর কাউন্সিলর পার্থী কান্দিভাল এবং সাবেক এমপিপি ও স্ক্যারবরো সাউথওয়েস্ট এর এমপি প্রার্থী ডলি বেগম প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ‘বাংলা কাগজ’ পত্রিকার প্রতিনিধির সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাঁদের অনুভ‚তি প্রকাশ করেন। তাঁরা কানাডায় বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার্থে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তাঁরা প্রবাসে বাংলাদেশীদের উত্তরোত্তর অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার দৃঢ? অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে ডেন্টোনিয়া পার্ক এলাকা, বাংলাভাষীদের উপস্থিতিতে এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়।

