অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো।
“দ্রুজবা পাইপালাইন আটকে দেওয়ার মাধ্যমে ইউক্রেন ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তি লঙ্ঘণ করেছে, এবং ইইউ’র প্রতি ইউক্রেনের যে প্রতিশ্রুতি— তার লঙ্ঘন করেছে। আমরা এ ধরনের ব্ল্যাকমেইল সহ্য করব না।”
“এ কারণে হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইইউ’র বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যতদিন দ্রুজবা পাইপলাইন আটকে রাখবে— ততদিন এ ঋণও স্থগিত থাকবে।”
রুশ শব্দ দ্রুজবা-এর বাংলা অর্থ মৈত্রী বা বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য এই পাইপলাইন তৈরি করা হয়েছিল।
গত ২৭ জানুয়ারি রাশিয়াকে চাপে ফেলতে এই পাইপলাইন বন্ধ করে দেয় ইউক্রেন। এখনও এটি বন্ধই আছে।
সূত্র : এএফপি

